Friday, November 6

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আইনি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজের বরাতে মিডলইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধান এবং আন্তমন্ত্রণালয় পর্যায়ের একটি দলকে মামলাটি প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলায় কুর্দিদের বিষয়ে তুরস্ক সরকারের নীতি, হামাসের সঙ্গে আঙ্কারার সম্পর্ক এবং গোষ্ঠীটিকে তুরস্কের আর্থিক সহায়তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আই২৪নিউজ।

আঙ্কারা ও তেল আবিবের মধ্যে চলমান আইনি ও কূটনৈতিক বিরোধের মধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো।

এর আগে এরদোয়ান বলেছিলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর গাজাসহ ওই অঞ্চলের সামরিক অভিযান নিয়ে তুরস্কে শুরু হওয়া আইনি প্রক্রিয়ার পর নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নিতে তিনি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের জন্য মামলাটির নথি প্রস্তুত করার কথা বিবেচনা করছে ইসরায়েল। এর মধ্যে সরাসরি অথবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি উত্থাপনের সম্ভাবনাও রয়েছে।

তবে মামলাটি কী ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে এবং এর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
− 2 = 1