ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী গত ২৪ ঘণ্টায় হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান ও তাদের শক্তিবৃদ্ধির পথে ৩৫৬টি হামলা চালানোর দাবি করেছে। এসব হামলায় ৪৭৬ জন হুতি যোদ্ধা নি’হত বা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নাজলি এক বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের ১০টি ফ্রন্টে হুতিদের সামরিক অবস্থান ও শক্তিবৃদ্ধির লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়।
আল-নাজলির দাবি, মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী এসব অভিযানে ৪৭৬ জন হুতি সদস্য নি’হত বা আহত হয়েছেন। একই সঙ্গে হুতিদের বেশ কয়েকটি কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অ’স্ত্রের গুদাম, ফিল্ড আর্টিলারি এবং সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পশ্চিম উপকূল, হাজ্জাহ, সাদা, আল-জাওফ, মারিব, লাহজ, তাইজ ও আল-বায়দাসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা ও হামলার ক্ষয়ক্ষতির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, একই ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ইয়েমেনে ৩৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সারি বলেন, সৌদি আরবের নজরান ও জিজান এলাকা থেকেও ইয়েমেনের তাইজ, সাদা ও হাজ্জাহ প্রদেশের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নি’হত ও আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এসব দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই আবারও তীব্র হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা সাম্প্রতিক সংঘাতে বেসামরিক মানুষ হতাহত এবং বাস্তুচ্যুতি বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

