ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
বাঁধনের অভিযোগ, ভেনিসের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তা করেন। তাদের মধ্যে প্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, পার্কে অবস্থানের সময় কয়েকজন বাংলাদেশি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তার শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয়। এতে তিনি পুরোপুরি ভিজে যান।
অভিনেত্রীর দাবি, হামলাকারীরা তার শরীরে হাত তোলেন এবং তার ফোন ফেলে দেন। এ সময় কানের পাশেও আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বাঁধন বলেন, হামলাকারীরা তাকে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি নিজেকে জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করেন।
এ সময় তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয় এবং সেই দৃশ্য ভিডিও করে লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বাঁধন।
ফেসবুক লাইভে বাঁধন আরও বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসা উচিত ছিল। তিনি মনে করেন, এমন আচরণের মাধ্যমে তারা ভবিষ্যতে নিজেদের অবস্থান পুনর্গঠন করতে পারবেন না।
ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা নিয়ে অংশ নিতে ইতালি গেছেন বাঁধন। উৎসবের কার্যক্রম শেষে তিনি স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এর মধ্যেই হামলার অভিযোগের ঘটনা ঘটে।
ফেসবুক লাইভের পর বাঁধন নিজের অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও শেয়ার করেন। তার দাবি, এসব ভিডিওতে তার ওপর হামলা ও হেনস্তার দৃশ্য দেখা যাচ্ছে।

