Friday, November 6

লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে গত তিন বছরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ৯০০ ছাড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন প্রায় ৩০ হাজার ৬০০ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুধু গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৫৮ জন নিহত এবং ১২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চের পর স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে ১৭৯টি হামলা হয়েছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, আগস্টে ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননে প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত ছিলেন। তাদের মধ্যে অন্তত ২২ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুটি শান্তি চুক্তি হলেও তা কার্যকর হয়নি। হিজবুল্লাহর নেতা নাইম কাসেম চুক্তিগুলোকে বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেন। তার দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে দখলদারিত্ব শেষ করতে হবে। তবে চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল না।

সর্বশেষ গত শুক্রবার দক্ষিণ লেবাননের কাফর রেমান শহরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, কৌশলগত আলি আল-তাহের সেতুর নিচের একটি সুড়ঙ্গে থাকা হিজবুল্লাহ যোদ্ধাদের তারা সরিয়ে দিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শুক্রবার টায়ার ও নবাতিয়েহ জেলার সাতটি শহরে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

Leave A Reply


Math Captcha
− 1 = 3