ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ১৫০ বছরের পুরোনো মদিনা মসজিদের অংশবিশেষ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে স্থানীয় পৌরসংস্থা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেডি গেট সংলগ্ন এলাকায় ভারী যন্ত্রপাতি ও জেসিবি বুলডোজার দিয়ে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেডি রোডে অবস্থিত ঐতিহ্যবাহী মদিনা মসজিদ ও জামিয়াতুল কুরাইশ কাসাবান মসজিদ—দুটি স্থাপনারই রাস্তা সংলগ্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
মদিনা মসজিদ কমিটির সদস্য শহীদ খান বলেন, মসজিদটি প্রায় ১০০ থেকে ১৫০ বছরের পুরোনো। সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে নিজেদের দোকানপাটের অংশ ছেড়ে দিয়েছিলেন। এরপরও মসজিদের অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে উজ্জয়িনী পৌরসংস্থার অতিরিক্ত কমিশনার (সিংহস্থ) সন্তোষ ঠাকুরের দাবি, মসজিদের ভেঙে ফেলা অংশটি নির্ধারিত সড়ক সম্প্রসারণ এলাকার মধ্যে পড়েছিল। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এদিকে উজ্জয়িনীর শহর কাজী খালিক-উর-রহমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে।
স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৮ সালের উজ্জয়িনী ‘সিংহস্থ মেলা’কে সামনে রেখে কেডি রোডের সড়ক সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। মেলার আগে শহরের যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

