নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৯১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর আজ রোববার (৩০ আগস্ট) পঞ্চম দিনেও নিখোঁজদের সন্ধানে জোরালোভাবে উদ্ধার অভিযান চলছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে ভয়াবহ পানির স্রোত সৃষ্টি হয়ে এ দুর্যোগের সূত্রপাত হতে পারে।
এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। উদ্ধার হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের ১৬৭ জন এবং চীনের ৪০ জন নাগরিক রয়েছেন। এছাড়া ইউক্রেন, জার্মানি, মাল্টা, যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তুরস্কসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের কারণে সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ও উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবুও নিখোঁজদের সন্ধানে বিপুলসংখ্যক উদ্ধারকর্মী অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান আরও এগোলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
