Friday, November 6

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে কেপ নিউএনহাম বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। বিমানটি চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশনের পরিচালনায় ছিল।

আলাস্কান কমান্ড জানিয়েছে, এটি একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট ছিল। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানের আট আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Leave A Reply


Math Captcha
2 + 3 =