Thursday, August 20

২০২৪ সালে গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব ও তার পরিবারের ছয় সদস্যকে বহনকারী গাড়িতে গুলি চালানোর কথা স্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী। একই ঘটনায় ফৌজদারি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

২০২৪ সালের ২৫ জানুয়ারি গাজা সিটিতে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে আটকা পড়ে হিন্দ। উদ্ধার পাওয়ার জন্য ফিলিস্তিন রেড ক্রিসেন্টকে প্রায় তিন ঘণ্টা ফোনে কাঁদতে কাঁদতে সাহায্য চেয়েছিল সে। পরে তাকে উদ্ধারে যাওয়া একটি অ্যাম্বুলেন্সেও ইসরাইলি সেনারা গুলি চালালে দুই স্বাস্থ্যকর্মী নিহত হন। ১২ দিন পর অ্যাম্বুলেন্স ও হিন্দের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সামনে আসা ভিডিও ফুটেজে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে স্পষ্ট আলো ও লোগো দেখা গেলেও ইসরাইলি সেনারা দাবি করেছিল, জরুরি বাতি না জ্বালিয়ে সন্দেহজনকভাবে গাড়িটি এগিয়ে আসছিল।

এদিকে ২০২৫ সালের মার্চে রাফায় ১৫ ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনাতেও ফৌজদারি তদন্তের কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত বিদেশি কর্মী এবং এমএসএফের চার স্বাস্থ্যকর্মী নিহতের ঘটনায় কোনো ফৌজদারি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জাতিসংঘের এক প্রতিবেদনে গাজায় এ ধরনের ঘটনায় ব্যাপক বিচারহীনতার সংস্কৃতির কথা উল্লেখ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
77 + = 82