পাকিস্তানের জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর শামসু বিবি গুলিতে নিহত হয়েছেন। সমাজমাধ্যমে তিনি আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন। ১৪ আগস্ট রাজধানী ইসলামাবাদের কাছে তক্ষশীলা শহরে হামলার শিকার হন ২৮ বছর বয়সী এই তরুণী। ঘটনাটি ঘটে পাকিস্তানের স্বাধীনতা দিবসেই।
পুলিশ জানিয়েছে, হত্যার আগে শামসুকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়েছিল। পরে একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর ঘাড়ে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
শামসুর বাবা ফজল সাহেবজাদা জানান, কাশিফ ওরফে কাশি নামের এক যুবক ফোন করে শামসুকে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেছিলেন। এরপর ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নিয়ামাতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হন তিনি।
হামলার সময় গুলির শব্দে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে শামসুর ছোট বোন আসিমাও গুরুতর আহত হন।
শামসুর প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশের কারণে পাকিস্তানে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি।
শামসুর বাবার অভিযোগ, কাউসার ও জাভেদ ওরফে শাহিন নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর মেয়ের আর্থিক বিরোধ ছিল। তাঁদের টাকা ধার দিয়েছিলেন শামসু। পরে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে ইসলামাবাদ পুলিশের কাছেও অভিযোগ করেছিলেন তিনি।
পুলিশ সিসিটিভি ফুটেজে দুই মোটরসাইকেল আরোহীকে গুলি চালানোর পর পালিয়ে যেতে দেখেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। সন্দেহভাজন কাউসার ও জাভেদসহ অজ্ঞাতপরিচয় দুই হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শামসুর বাবা।

