Friday, November 6

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও আক্রমণাত্মক করার বার্তা দিয়েছে ইরান। কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতের পর তেহরান থেকে এ কঠোর প্রতিক্রিয়া এসেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশ রক্ষায় প্রয়োজন হলে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এতদিন তাদের সামরিক পদক্ষেপগুলো আত্মরক্ষামূলক থাকলেও এখন থেকে প্রয়োজনে তা শত্রুর বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক রূপ নিতে পারে।

ইরানের সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, দেশটির ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু করা হতে পারে।

দেশটির সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনায় সশস্ত্র বাহিনী ও উপকূলীয় এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কোনো বিদেশি সেনাদল ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওয়াশিংটন তাদের পূর্বপ্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের কথা জানানো হলো।

সূত্র: আল-জাজিরা

Leave A Reply


Math Captcha
34 − = 31