Friday, November 6

ভারতের দিল্লি মেট্রোর ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে এক নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছে চলন্ত ট্রেনের একটি কামরায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মকর্তার আচরণ সন্দেহজনক মনে হলে ট্রেনের কয়েকজন যাত্রী তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা তার মোবাইল ফোনের গ্যালারি দেখতে চান। ফোনটি পরীক্ষা করার সময় সেখানে এক নারী যাত্রীর ছবি পাওয়া যায় বলে অভিযোগ করেন যাত্রীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ওই কর্মকর্তার ফোনের গ্যালারি পরীক্ষা করছেন। ছবি পাওয়ার পর তারা সেগুলো মুছে ফেলার জন্য তাকে চাপ দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের সঙ্গে ওই কর্মকর্তার হাতাহাতিও হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দ্রুত ব্যবস্থা নেয় সিআইএসএফ কর্তৃপক্ষ। অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দিল্লি মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিআইএসএফ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেট্রোর মতো জনসমাগমপূর্ণ স্থানে যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: এনডিটিভি

Leave A Reply


Math Captcha
4 + 4 =