Friday, November 6

২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এ ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য গাজা যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতাভিত্তিক একটি তথ্যচিত্রকে নির্বাচিত করেছে সুইজারল্যান্ড।

‘হু ইজ স্টিল অ্যালাইভ’ নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন জেনেভাভিত্তিক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নিকোলা ওয়াদিমফ। এতে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুতি, স্বজন হারানোর বেদনা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম তুলে ধরা হয়েছে।

সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব কালচারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রচলিত ধারাবর্ণনার পরিবর্তে তথ্যচিত্রটিতে গাজার সারভাইভারদের স্বকণ্ঠে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এতে প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিজ বাসভূমি থেকে উচ্ছেদ এবং শেকড় ও পরিচয়ের সন্ধানের মতো মানবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রটি ইতোমধ্যে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। চলতি বছরের শুরুতে সুইজারল্যান্ডের মর্যাদাপূর্ণ সোলোথার্ন ফিল্ম ফেস্টিভ্যাল-এ এটি সর্বোচ্চ সম্মাননা ‘প্রিক্স দ্য সোলৌর’ (Prix de Soleure) অর্জন করে।

অস্কারের আন্তর্জাতিক বিভাগের প্রাথমিক বাছাইয়ের পর আগামী ডিসেম্বরে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে চূড়ান্ত পাঁচটি চলচ্চিত্র মনোনয়ন পাবে। আগামী ২১ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে এবং ১৪ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কার প্রদান অনুষ্ঠান।

Leave A Reply


Math Captcha
74 − 73 =