Friday, November 6

লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালীতে ইরান-সমর্থিত হুথিদের হামলায় ‘তিহামাহ’ নামের একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক ও দুই স্থানীয় উদ্ধারকর্মী নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় এটিই প্রথম সরাসরি প্রাণহানির ঘটনা বলে জানা গেছে।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় ও কোস্ট গার্ডের বরাতে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) ইয়েমেনের মুরাদ উপকূলের কাছে নোঙর করা মিশরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ জাহাজে হামলা চালায় হুথিরা। হামলার পর জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাবিক নিহত হন।

পরে হুথি-বিরোধী স্থানীয় গোষ্ঠী ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস’ (এনআরএফ)-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে এনআরএফের দুই উদ্ধারকর্মী নিহত হন। দুই দফা হামলায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, একই দিনে ওমান উপসাগরে ইরানের বন্দরের দিকে অগ্রসর হওয়া পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি একাধিকবার সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। নৌ-অবরোধ অমান্য করায় মার্কিন বাহিনী হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটির স্টিয়ারিং গিয়ার অচল করে দেয়।

চলতি বছরের এপ্রিলে নৌ-অবরোধ ঘোষণার পর মার্কিন বাহিনীর হামলায় অচল হওয়া এটি ১২তম জাহাজ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে হুথিদের হামলা এবং মার্কিন নৌ-অবরোধের কারণে লোহিত সাগর, বাব এল-মানদেব ও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও বর্তমানে সেই সংখ্যা কমে মাত্র ছয়টিতে দাঁড়িয়েছে বলে জানা গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথগুলোতে নিরাপত্তা ঝুঁকি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave A Reply


Math Captcha
3 + 7 =