Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ডজনের বেশি মানুষ।

রোববার (২ আগস্ট) ‘সোয়াত আমান জিরগা’ আয়োজিত শান্তি সমাবেশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিনের সহিংসতা ও জঙ্গি তৎপরতার অবসান এবং স্থায়ী শান্তির দাবিতে শত শত মানুষ সমাবেশে অংশ নিয়েছিলেন। কারও হাতে ছিল সাদা পতাকা ও ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড। তাদের সবার কণ্ঠে ছিল একটাই দাবি—‘শান্তি চাই, আমাদের শান্তি ফিরিয়ে দাও।’

স্থানীয় সূত্র জানায়, পুলিশ স্টেশনের সামনে চলমান সমাবেশে এক আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে নিজেকে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়া, ধ্বংসস্তূপ ও মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে।

বিস্ফোরণের পর আহতদের দ্রুত কাবাল হাসপাতাল ও সাইদু শরীফ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শান্তির দাবিতে সাধারণ মানুষের আয়োজিত সমাবেশে এ আত্মঘাতী হামলার ঘটনায় আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave A Reply


Math Captcha
85 − = 82