Friday, November 6

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সমঝোতার অনুরোধের পর সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।

রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

নিজের পোস্টে তিনি বলেন, প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পরমাণু কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প জানান, বিশ্ব শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের স্বার্থে তিনি সম্ভাব্য সামরিক অভিযান বাতিল করতে সম্মত হয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত একটি দ্রুত ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ওপর নির্ভরশীল।

এ বিষয়ে ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলও এই উদ্যোগে তার সঙ্গে একমত এবং সম্ভাব্য সমঝোতা বাস্তবায়নে সমর্থন দিচ্ছে।

তিনি পোস্টের শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত সমঝোতা সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, “সবাই মিলে কাজটি সম্পন্ন করুন। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।”

তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে ইরান বা সংশ্লিষ্ট অন্য কোনো দেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
31 − 24 =