Friday, November 6

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন তাল ও সারা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তায় বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতর দিয়ে মিছিল করে এবং একটি ফিলিস্তিনি কবরস্থানে ভাঙচুর চালায়।

সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীরা তাল ও সারা গ্রামের ভেতরের সড়ক ব্যবহার করে মিছিল করেন। স্থানীয়দের দাবি, এ সময় তারা উসকানিমূলক আচরণও করেন।

স্থানীয় সূত্রের অভিযোগ, মিছিল চলাকালে তাল গ্রামের কাছে একটি ফিলিস্তিনি কবরস্থানে হামলা চালিয়ে সমাধির স্মৃতিফলক ও পাথরের বিভিন্ন কাঠামো ভেঙে ফেলা হয়। এতে কবরস্থানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ফিলিস্তিনি বাসিন্দাদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, পুরো মিছিলজুড়েই বসতি স্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে, পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ফিলিস্তিনিদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, এ ধরনের ঘটনা এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

Leave A Reply


Math Captcha
3 + 7 =