Friday, November 6

লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিরাপদ রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই এ জোটের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ জোট গঠনের ঘোষণা দেয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি এবং এর আশপাশের নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়। হুথিদের দাবি, তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ ও দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য বাব আল-মান্দাব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বিশেষ করে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে বিকল্প রুট হিসেবে এ পথ দিয়ে সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হচ্ছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, জোটভুক্ত দেশগুলো হলো—সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন।

জোটের ঘোষণাপত্রে বলা হয়েছে, সদস্য দেশগুলো যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত রাখা এবং বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে তাদের অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষায় কাজ করবে।

এ বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, জোট গঠন নিয়ে রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ১৪টি দেশ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জোটে সমর্থন জানিয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ এতে যোগদানের প্রক্রিয়ায় রয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ জোট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সৌদি আরব।

সূত্র: গালফ নিউজ

Leave A Reply


Math Captcha
12 − 5 =