Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক |

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও আন্দোলনের মুখে ভারতের পরীক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের পর এবার পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। যারা পরীক্ষায় অনিয়ম করে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে।

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি। একই সঙ্গে কঠোর আইনি বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু বর্তমান সংকট মোকাবিলা নয়, ভবিষ্যতের দিকেও আমাদের নজর দিতে হবে। ভারতের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর।”

প্রধানমন্ত্রী জানান, ভারতের খ্যাতনামা প্রযুক্তিবিদ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত টাস্কফোর্সটি পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। পাশাপাশি ভবিষ্যতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পরীক্ষাগুলোর নিরাপত্তা, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও প্রণয়ন করবে।

এদিকে, ভারতের বহুল আলোচিত মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের টানা ৩৭ দিনের আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাদের উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তারা সদিচ্ছার নিদর্শন হিসেবে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং সরকারের পক্ষ থেকে বাকি দাবিগুলোও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সরকার নিট পরীক্ষায় অনিয়মের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে সম্মতি জানিয়েছে।

সিজেপির পক্ষ থেকে শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের পক্ষ থেকে তাদের অধিকাংশ দাবিই নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। ফলে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে নিজ নিজ বাসস্থানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভারতের সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলো দেশটির জাতীয় পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। সরকারের এই নতুন উদ্যোগ পরীক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদি ও প্রযুক্তিনির্ভর সংস্কারের পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave A Reply


Math Captcha
7 + = 12