প্রায় দুই দশকের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন শর্ত আরোপ করায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানা যায়।
কিন্তু পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, চুক্তি কার্যকর করতে হলে সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না।
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের শর্তসাপেক্ষ এবং এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
এদিকে চুক্তি ঘোষণার সময় নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতবিরোধ দেখা দিয়েছে। জানা গেছে, হোয়াইট হাউস চুক্তির ঘোষণা স্থগিত রাখতে চাইলেও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট নির্ধারিত অনুষ্ঠান সম্পন্ন করেন। এ নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
চুক্তির বিষয়ে মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞদের সমালোচনাও ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তনে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রতিশ্রুতি ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক সুবিধা দেওয়া উচিত নয়।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে সমর্থকদের মতে, যুক্তরাষ্ট্র অংশীদার হলে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির ওপর ওয়াশিংটনের প্রভাব বজায় থাকবে এবং চীন বা রাশিয়ার প্রভাব বিস্তারের সুযোগ কমবে।
চুক্তিতে নতুন শর্ত আরোপের ফলে সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতা চুক্তির বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

