Friday, November 6

গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রকাশ্যে দেওয়া বক্তব্যের কারণে নিজে এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি। মার্কিন সাময়িকী Rolling Stone-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) Middle East Monitor-এর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, “মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই।”

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকির সম্মুখীন হয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।

মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই তাকে হত্যার হুমকি দেওয়া শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। গাজা ইস্যুতে তার রাজনৈতিক অবস্থানের কারণে তার স্ত্রীও সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন বলে জানান তিনি।

এদিকে, The New York Times-কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তার বিচার হওয়া উচিত।

তবে তিনি স্পষ্ট করে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো কোনো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগর প্রশাসনের নেই। এ ধরনের আন্তর্জাতিক আইনি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।

গাজায় চলমান সংঘাত নিয়ে জোহরান মামদানি দীর্ঘদিন ধরেই সরব অবস্থান নিয়ে আসছেন। ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার দাবিতে তিনি একাধিকবার প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তার সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Leave A Reply


Math Captcha
36 − 30 =