Friday, November 6

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ে ভারি বৃষ্টির মধ্যে একটি স্কুলবাসের ওপর বিশাল গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল। গাছটি বাসের ওপর ভেঙে পড়ার পর চালকের সহকারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আটকে পড়া সব শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অন্য শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন সামান্য আঘাত পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ভারি বর্ষণের কারণে গাছটি উপড়ে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন।

Leave A Reply


Math Captcha
64 − 55 =