Saturday, November 21

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে জ্যেষ্ঠ শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে বাদ দেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে শিক্ষক ও প্রশাসনের প্রতিনিধিরা। ড. হাদীর অভিযোগ, স্বাক্ষরবিহীন একটি উড়ো চিঠিতে জুলাইবিরোধী অবস্থান, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থানের অভিযোগ তুলে তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ঘটনাটিকে নিজের প্রতি ‘জুলুম’ আখ্যা দিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিভাগের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলছেন, এটি জুলাইবিরোধী অবস্থানের বিষয় নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত ও ড. হাদীর বিরুদ্ধে চলমান তদন্তের ফল। তবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের প্রশ্ন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং সেই অভিযোগের প্রমাণ কোথায়?

একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউল্লাহকে বিভাগটিতে নিয়োগ, তার গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগ এবং সিলেকশন কমিটির সভা থেকে সাবেক চেয়ারম্যানকে বের করে দেওয়ার দাবি ঘিরেও সামনে এসেছে নিয়োগ প্রক্রিয়ার নানা বিতর্ক। সব মিলিয়ে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে বিভাগটিতে প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক অভিযোগ ও নিয়োগের স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

তথ্যমতে, গত ১১ নভেম্বর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তিন বছর মেয়াদি চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদের দায়িত্বের মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি ও জ্যেষ্ঠতা অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান হওয়ার কথা ছিল সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর। কিন্তু তাকে দায়িত্ব না দিয়ে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১২ নভেম্বর সকাল ১০টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটসের ১২(৩) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ১২ নভেম্বর থেকে নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে ডিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নজির থাকলেও এ ক্ষেত্রে জ্যেষ্ঠ শিক্ষককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন, ড. আহসানুল হাদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

ড. আহসানুল হাদীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে বিভাগের শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক। তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনবিরোধী কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন কিংবা শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছেন—এমন কোনো তথ্য বা প্রমাণ তাদের জানা নেই।

বরং জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তার প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের তথ্য সামনে এনেছেন সংশ্লিষ্টরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৮ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত তিনি ইরানের সাদী ফাউন্ডেশনে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ছিলেন। সে সময়ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

২০২৪ সালের ১৮ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দেন ড. আহসানুল হাদী। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখেন, ‘তোমাদের যেকোনো সমস্যায় আমি পাশে আছি।’ একই দিনে দেওয়া আরেকটি ভিডিও বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান এবং প্রাণহানি বন্ধের দাবিও জানান তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ার বিষয়ে ড. আহসানুল হাদী বলেন, তাকে দায়িত্ব না দেওয়ার বিষয়ে কোনো লিখিত চিঠি বা আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি। গত ৩ নভেম্বর ইরাকে একটি আমন্ত্রণমূলক সেমিনারে অংশ নিতে ছুটির আবেদন করার সময় প্রথম নিজের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা জানতে পারেন তিনি।

তিনি বলেন, ‘সেদিনই প্রথম আমাকে জানানো হয়, আমার বিরুদ্ধে অভিযোগ আছে, একটি তালিকায় নাম রয়েছে। কিন্তু কোন তালিকা, কী অভিযোগ—এসব কিছুই আমাকে জানানো হয়নি। পরে উপ-উপাচার্য আমাকে এনওসি দেন। প্রোগ্রাম শেষ করে ১০ নভেম্বর ক্যাম্পাসে ফিরি।’

তিনি আরও বলেন, ‘গত ১১ নভেম্বর একাডেমিক কমিটির মিটিং ছিল। আমি জানতাম, আমার দায়িত্ব নেওয়ার কথা। চেয়ারম্যান হিসেবে আমার নিয়োগপত্র ইস্যু হওয়ার কথা। কিন্তু পরে দেখি, আমার পরিবর্তে ডিনের নামে চিঠি ইস্যু হয়েছে। তিনিই দায়িত্ব নিয়েছেন।’

নিজের বিরুদ্ধে আনা অভিযোগের ধরন তুলে ধরে ড. আহসানুল হাদী বলেন, ‘পরে জানতে পারি, আমার বিরুদ্ধে নাকি উড়ো চিঠি এসেছে, যেখানে কারও কোনো স্বাক্ষর নেই। বলা হয়েছে, জুলাইয়ের সময় আমি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি, জুলাইয়ের বিপক্ষে কথা বলেছি, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পক্ষে আমার অবস্থান রয়েছে। এমনকি আমাকে চেয়ারম্যান করা হলে শিক্ষার্থীরা মব করবে—এমন কথাও বলা হয়েছে। উপাচার্য স্যারকেও এসব বোঝানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সিন্ডিকেটে কোনো অভিযোগ ওঠেনি, কোনো শিক্ষার্থী আমার বিরুদ্ধে অভিযোগ করেনি, কোনো শিক্ষকও আমার বিরুদ্ধে ছিলেন না। হঠাৎ করে আমাকে এসব অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এসবের সঙ্গে জড়িত। বরং জুলাইয়ের সময় আমি প্রকাশ্যে শিক্ষার্থীদের পক্ষে স্ট্যাটাস দিয়েছি, বক্তব্য দিয়েছি। ইরানে থাকা অবস্থাতেও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। এমনকি এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।’

ঘটনাটিকে নিজের প্রতি অন্যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের জুলুম আমি মেনে নেব না। আমি আইনি ব্যবস্থা নেব। শিক্ষক ও শিক্ষার্থীরাও জানিয়েছেন, তারা আমার সঙ্গে আছেন। এ বিষয়ে আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি।’

বিভাগের কয়েকজন শিক্ষকের অভিযোগ, সামনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক ও প্রভাষক পদে একাধিক নিয়োগের প্রক্রিয়া রয়েছে। ড. আহসানুল হাদী নিজেও অধ্যাপক পদে আবেদন করেছেন। তাদের দাবি, এসব নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই ডিন দীর্ঘদিন ধরে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের কয়েকজন শিক্ষক দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার বিষয়ে ডিনের আগ্রহ রয়েছে। তাদের ভাষ্য, ড. আতাউল্লাহকে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে তারা মনে করেন। এ নিয়োগ প্রক্রিয়া এক বছরের বেশি সময় ধরে ঝুলে থাকার পেছনেও তারা বিষয়টিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন।

বিভাগের অধ্যাপক পদপ্রত্যাশী এক শিক্ষক ড. আতাউল্লাহর গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগ তুলে বলেন, তার লেখা ১৪টি বাংলা গবেষণা প্রবন্ধের মধ্যে ছয়টিতে পিএইচডি গবেষণা থেকে হুবহু কপি-পেস্টের তথ্য জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিষয়টি চেয়ারম্যান ও সিএনডি কমিটির কাছে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, সাবেক চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ সংশ্লিষ্ট নথিসহ সিএনডি কমিটির প্রতিবেদন রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছেন।

ওই শিক্ষক আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় এসব অভিযোগ-সংক্রান্ত নথি ও তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। তার দাবি, ডিন দায়িত্ব নিয়ে বিভাগের সিদ্ধান্ত গ্রহণে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেন। মূলত দীর্ঘদিনের অভিলাষ পূরণ করতেই তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বলে মনে করেন ওই শিক্ষক।

এদিকে, ড. আতাউল্লাহর অধীনে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের লাইব্রেরিয়ান ড. আবুল বাশার তাকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার পর চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরের কথা প্রকাশ্যে বলেছেন বলে দাবি করেছেন বিভাগের কয়েকজন শিক্ষক। তাদের আরও অভিযোগ, ড. আবুল বাশারের সঙ্গে ডিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার পরিবারের একজন সদস্যকে বিশ্ববিদ্যালয়ের অন্য দপ্তরে পদায়নের ক্ষেত্রেও ডিনের ভূমিকা ছিল।

নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান আরিফ বিল্লাহও। তার অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউল্লাহর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কা রয়েছে। অধ্যাপক আতাউল্লাহর ছয়টি গবেষণা প্রবন্ধের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল বলেও দাবি করেন তিনি। বিষয়টি বিভাগের চেয়ারম্যান ও সিলেকশন কমিটির সদস্যদের জানানো হয়েছিল বলে জানান সাবেক এই অধ্যাপক।

আরিফ বিল্লাহর ভাষ্য অনুযায়ী, গত ৩০ মার্চ বিভাগীয় সিলেকশন কমিটির প্রথম সভায় চারটি আবেদনপত্র যাচাই করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ। পরে ১৪ মে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলে সভার শুরুতেই অধ্যাপক আবুল কালাম সরকার চেয়ারম্যান মুমিত আল রশিদকে সভা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের বক্তব্য তুলে ধরে আরিফ বিল্লাহ বলেন, ‘চেয়ারম্যান বলেন, গত মিটিংয়ে তো আমি সভাপতিত্ব করেছি এবং আমার আবেদন তো এদিন মূল্যায়ন হয়েছে। আজকে তো আমার কোনো এজেন্ডা নেই। কিন্তু কোনো সদুত্তর না দিয়ে চেয়ারম্যানকে বের করে দেয়।’

তার অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা এবং সিলেকশন কমিটির সভায় এমন ঘটনা বিভাগের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সভার কার্যবিবরণী ও অন্যান্য সদস্যের বক্তব্য পাওয়া গেলে অভিযোগটির পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।

ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার ঘটনায় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, জুলাই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন, পাশে থাকার কথা জানিয়েছেন এবং প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছেন। শ্রেণিকক্ষেও কখনো শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেননি বলে জানান তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, হাদী স্যার দীর্ঘদিন ধরে তাদের কাছে একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। একাডেমিক সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সংকটেও তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালেও তার বাসায় থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা করেছেন বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘হাদী স্যারকে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেউ কোনো দিন একটি অভিযোগও করেনি। আমরা তাকে শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবেই জানি। তিনি বিভাগের অসংখ্য শিক্ষার্থীর পড়ালেখা থেকে শুরু করে পারিবারিক আর্থিক চাহিদাও পূরণ করেন। হাদী স্যার কারও বিপদ-আপদে সবসময় পাশে থাকেন। করোনাকালে হাদী স্যারের বাসায় অসংখ্য শিক্ষার্থী দিনের পর দিন অবস্থান করে পড়াশোনা করেছেন। তিনি চেয়ারম্যান হবেন জেনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানাব।’

এদিকে, প্রতিবাদী পোস্ট ও স্টোরি মুছে ফেলতে শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে। কয়েকজন শিক্ষার্থীর দাবি, ডিন নিজে তাদের কয়েকজনকে ফোন করেছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন পর্যায় থেকেও ফোন করে পোস্ট মুছে ফেলতে বলা হয়েছে। জসীম উদ্দিন হলের ছাত্রদল থেকে ভিপি পদপ্রার্থী আব্দুল ওহেদের একটি পোস্ট ও স্টোরিও মুছে ফেলা হয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সদ্য সাবেক চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ বলেন, ‘আমি প্রায় ১৫ দিন আগে থেকেই পরবর্তী চেয়ারম্যান হিসেবে যিনি আসবেন, তার চিঠির অপেক্ষায় ছিলাম। কিন্তু আমাদের বিভাগের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত ডিনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চিঠি পেয়েছি ১১ নভেম্বর বিকেল ৪টায়। রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো চিঠিতে ডিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। আমি সে চিঠি অনুযায়ী ১২ নভেম্বর সকাল ১০টায় দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’

বিভাগের কয়েকজন শিক্ষকের ভাষ্য, ১২ নভেম্বর দায়িত্ব গ্রহণের সময় ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার কারণ জানতে চাইলে ডিন বিষয়টিকে রাজনৈতিক ও সাময়িক বলে উল্লেখ করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বা আছে—এমন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের একটি কমিটি রয়েছে। সে কমিটি তার বিরুদ্ধে বোধহয় কিছু পেয়েছে। সে কারণেই ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

তবে কমিটি কী ধরনের তথ্য বা প্রমাণ পেয়েছে, ড. আহসানুল হাদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং অভিযোগের বিষয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে কি না, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সার্বিক বিষয়ে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, ‘ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত রয়েছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পদোন্নতি, স্থায়ীকরণ কিংবা প্রশাসনিক পদে পদায়ন করা যাবে না—এমন সিদ্ধান্ত রয়েছে সিন্ডিকেটের। অধ্যাপক হাদীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি কাজ করছে। এ কারণে তার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার ফাইল সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হলে পর্যালোচনা ও লিগ্যাল ইন্টারপ্রেটারের মতামতের ভিত্তিতে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত হয়। এটি সাময়িক; তদন্ত শেষ হলে বিষয়টি নিষ্পত্তি হবে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টিকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে দায়িত্ব থেকে সরানোর ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়। এর সঙ্গে জুলাইবিরোধী হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত। অধ্যাপক হাদীও বিষয়টি জানেন। এমনকি সম্প্রতি তার কারবালায় জিয়ারতে যাওয়ার ছুটির বিষয়েও আমি নিজে দায়িত্ব নিয়ে সহযোগিতা করেছি।’

একাধিক বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিষয়ে অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ‘ডিনের দায়িত্বের পাশাপাশি একাধিক বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আমার জন্য বিরাট চাপ। এতে নিয়মিত একাডেমিক কার্যক্রম, পরিকল্পনা ও ক্লাস পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। আমি আগেও বিষয়টি জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের সুচারু পরিচালনার স্বার্থে প্রশাসন সাময়িকভাবে দায়িত্ব দেওয়ায় বাধ্য হয়েই পালন করছি। এটি আমার ব্যক্তিগত আগ্রহের বিষয় নয়।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তাকে নিয়োগ বোর্ডে রাখা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ডিন হিসেবে নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডে আমার অন্তর্ভুক্তি থাকে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের উচ্চতর কমিটিতেও ডিন সদস্য হিসেবে থাকেন। ওই কমিটিতে আটজন সদস্য রয়েছেন। ফলে একজন সদস্য হিসেবে এককভাবে কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এসব অভিযোগের মাধ্যমে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। প্রকৃত তথ্য যাচাই না করে কারও বিরুদ্ধে এমন অভিযোগ তোলা উচিত নয়।’

এ বিষয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান আরিফ বিল্লাহ বলেন, গত ১২ নভেম্বর থেকে ড. আহসানুল হাদীর বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার কথা ছিল। কিন্তু কোনো ধরনের পূর্ব অবগতি ছাড়াই রহস্যজনক অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। পরিবর্তে অধ্যাপক আবুল কালাম সরকারকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আহসানুল হাদীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে গত ছয় মাস তার বিরুদ্ধে টুঁ শব্দটিও করা হলো না কেন? সে তো চেয়ারম্যান হওয়ার পরেও যদি তার কোনো অপরাধ প্রমাণিত হয়, তখন তাকে বাদ দেওয়া যেত। এসব আসলে পতিত স্বৈরাচারের কালোকানুন, যা এই আমলেও প্রয়োগ করা হচ্ছে। আসলে দুঃখজনক।’

আরিফ বিল্লাহর অভিযোগ, অধ্যাপক আবুল কালাম সরকার একই সঙ্গে ভারপ্রাপ্ত ডিন এবং আরও দুটি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, যা তাকে আরও স্বেচ্ছাচারী করে তুলতে পারে।

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষকের পেশাগত অগ্রগতি নির্ভর করা উচিত তার যোগ্যতা, গবেষণা, প্রকাশনা এবং শিক্ষাদানের মানের ওপর। রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগের সুযোগ সৃষ্টি হলে তা শুধু ব্যক্তির প্রতি অবিচার নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা এবং অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া—দুটিই শিক্ষার মানের জন্য বিপজ্জনক।’

সব মিলিয়ে, ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার ঘটনায় একদিকে রয়েছে প্রশাসনের তদন্ত ও সিন্ডিকেটের সিদ্ধান্তের ব্যাখ্যা, অন্যদিকে রয়েছে অভিযোগের স্বচ্ছতা, প্রমাণের অনুপস্থিতি, জ্যেষ্ঠতা অনুসরণ এবং নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। সংশ্লিষ্ট তদন্তের ফলাফল, সিলেকশন কমিটির কার্যবিবরণী এবং নিয়োগসংক্রান্ত অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এই প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে বিতর্কের অবসান হওয়ার সম্ভাবনা কম।

Leave A Reply


Math Captcha
+ 29 = 36