চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।
এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ বছর পরীক্ষার জন্য মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়। পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

