Thursday, November 12

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে বই ছাপার মোট চুক্তিমূল্য ১৮৭ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়। মূল চুক্তিমূল্যের তুলনায় এ বৃদ্ধি প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের বর্ধিত ফর্মা ছাপানোর জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হচ্ছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। ফলে বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক ছাপাতে সরকারের ব্যয় বাড়ছে প্রায় ২৩ কোটি ৬৮ লাখ টাকা।

Leave A Reply


Math Captcha
− 8 = 1