সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।’
এদিকে, রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় রোববার সকালে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ হামলাকে প্রাণঘাতী উল্লেখ করে বলা হয়, এতে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
একই সঙ্গে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছে ঢাকা।
এর আগে শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সঙ্গে হুতিদের সংঘাতের মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটল।

