Thursday, October 15

মেহেরপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুরের ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাবেল শেখের বয়স ৭০ বছর। তিনি মৃত সামসুদ্দিন শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন হাবেল শেখ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে ছেলে সাহাবুল শেখের বিরুদ্ধে।

পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে হাবেল শেখের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর অভিযান চালিয়ে সাহাবুলকে আটক করা হয়।

নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল। বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, গত রোববার হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়ে থাকতে পারে।

আটকের সময় সাহাবুল শেখ দাবি করেন, তাঁর বাবা তাঁকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিলেন। নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে তিনি ক্ষুব্ধ হন বলেও জানান।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জমিজমাসংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
− 9 = 1