চার বছরের মধ্যে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আল নাসর। একই সঙ্গে ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম বড় ট্রফি জয়ের অপেক্ষাও শেষ হতে চলেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো-র।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল শাবাব-কে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচেই সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

সৌদি প্রো লিগ-এর পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে থাকা আল নাসর এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল-এর চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে। তবে আল নাসর এক ম্যাচ বেশি খেলেছে। লিগে তাদের বাকি আছে আরও দুই ম্যাচ। এই দুই ম্যাচ জিততে পারলে আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না। তবে ড্র কিংবা হার শিরোপার লড়াইকে জটিল করে তুলতে পারে।

ম্যাচের ৭৫তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। বক্সের ভেতরে সাদিও মানে-র বাড়ানো বল এক টোকায় জালে জড়িয়ে দেন তিনি। এটি ছিল সৌদি প্রো লিগে তার ১০০তম এবং পেশাদার ক্যারিয়ারের ৯৭১তম গোল। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬।

এদিকে আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন আরেক পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। গত জুলাইয়ে চেলসি এফসি ছেড়ে আল নাসরে যোগ দেওয়া ফেলিক্স পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

ম্যাচ শেষে আল নাসর কোচ জর্জ জেসুস রোনালদোর প্রশংসা করে বলেন, “রোনালদো সবসময়ই ভয়ঙ্কর ফরোয়ার্ড এবং আজও সেটি প্রমাণ করেছে। এখন আমাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ডার্বি ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। আমরা ম্যাচটির গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন।”

আগামী মঙ্গলবার শিরোপার আরেক দাবিদার আল হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আল নাসর। রিয়াদের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের এই লড়াই সৌদি লিগের শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

বর্তমানে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। আর এক ম্যাচ কম খেলে আল হিলালের সংগ্রহ ৭৭ পয়েন্ট।

Leave A Reply


Math Captcha
7 + 2 =