Friday, September 18

ভিনিসিয়ুস জুনিয়রকে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের কঠিন ট্যাকলের শিকার হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের আচরণকে সরাসরি ‘বুলিং’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

রোববার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের জয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই ভিনিসিয়ুসকে পেছন থেকে ফেলে দেন এস্পানিওলের আলেক্স কালাত্রাভা। মাটিতে পড়ে যাওয়ার পরও তিনি ভিনিসিয়ুসকে আঘাত করেন। ঘটনায় লাল কার্ডের দাবি উঠলেও রেফারি কোনো শাস্তি দেননি।

পরে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে এস্পানিওলের হয়ে সমতা ফেরান কালাত্রাভা। শেষ পর্যন্ত ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে কার্লো এস্পির গোলে জয় নিশ্চিত করে রিয়াল।

ম্যাচ শেষে ভিনিসিয়ুসের সঙ্গে প্রতিপক্ষের আচরণ নিয়ে সরব হন মরিনহো। তিনি বলেন, ভিনিসিয়ুস কোনো সাধু নন, তবে তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ম্যাচের প্রথম মিনিট থেকেই একের পর এক প্রতিপক্ষের বিপক্ষে একই ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

ভিনিসিয়ুসকে পরিকল্পিতভাবে একের পর এক ফাউল করার কৌশল নিয়েও অভিযোগ করেন মরিনহো। তার ভাষ্য, একজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলে পরের খেলোয়াড় এসে ভিনিসিয়ুসকে ফাউল করছে। এমনকি হলুদ কার্ড না দেখা নতুন খেলোয়াড়কে মাঠে নামিয়েও একই কৌশল চালানো হচ্ছে।

তবে প্রতিপক্ষের এমন আচরণের মধ্যেও আবেগ নিয়ন্ত্রণে রাখার জন্য ভিনিসিয়ুসকে পরামর্শ দিয়েছেন মরিনহো। বিশেষ করে গোল করার পর উদযাপনের সময় সতর্ক থাকতে বলেছেন তিনি।

ভিনিসিয়ুসকে ঘিরে মাঠে প্রতিপক্ষ ও গ্যালারির আচরণের সমালোচনা করে মরিনহো বলেন, সমাজ যখন বুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখন ভিনিসিয়ুসের ক্ষেত্রে প্রতিপক্ষ ও দর্শকদের কাছ থেকে এখনো বুলিং দেখা যাচ্ছে। তাকে এসব পরিস্থিতির জন্য যতটা সম্ভব প্রস্তুত করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ভিনিসিয়ুসকে নিয়ে মরিনহোর এই মন্তব্যের সঙ্গে তার নিজের পুরোনো বিতর্কও সামনে এসেছে। গত মৌসুমে বেনফিকার কোচ থাকাকালে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় বেনফিকার জিয়ানলুকা প্রিস্তিয়ানিকে পরে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা।

সে সময় প্রিস্তিয়ানিকে সমর্থন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মরিনহো। ভিনিসিয়ুসের গোল উদযাপনই দর্শকদের উসকে দিয়েছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। ফলে এবার ভিনিসিয়ুসকে ‘বুলিং’-এর শিকার বলার ঘটনায় তার আগের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave A Reply


Math Captcha
75 + = 79