কলম্বিয়ার কুকুটা শহরে একটি পুলিশ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০টি বাড়ি।
সোমবার (২৩ নভেম্বর) নর্তে দে সান্তান্দার পুলিশের একটি ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য কারা দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।
ঘাঁটির কাছাকাছি বসবাসকারী অরল্যান্ডো রোয়া স্থানীয় গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্যে তাঁর ১৮ মাস বয়সী নাতিও রয়েছে। শিশুটিকে কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার বিদ্রোহী গোষ্ঠী ও মাদক চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এসব অভিযানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কয়েকজন মধ্যম সারির কমান্ডারকে আটক করেছে সামরিক বাহিনী।
জবাবে সশস্ত্র গোষ্ঠীগুলো ছোট ড্রোন, গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি রকেট ও সড়কে পেতে রাখা বোমা ব্যবহার করে সামরিক ঘাঁটি ও পুলিশ স্টেশনে হামলা চালাচ্ছে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর দে লা এস্প্রিয়েলা তাঁর পূর্বসূরি বামপন্থী গুস্তাভো পেত্রোর আমলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান শান্তি আলোচনা বাতিল করেন।
ভেনেজুয়েলা সীমান্তের কাছে অবস্থিত কুকুটা মাদক ব্যবসা ও অন্যান্য চোরাচালানে জড়িত অপরাধী গোষ্ঠীগুলোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কাছের কাতাতুম্বো অঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং ফার্ক-ইএমসিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে।
২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে শান্তিচুক্তির ফলে ১৪ হাজারের বেশি যোদ্ধা অস্ত্র ত্যাগ করে। তবে ফার্কের ছেড়ে যাওয়া অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে ছোট সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বেড়েছে।
এদিকে সোমবার সিজার অঞ্চলের আরেকটি পুলিশ স্টেশনে ড্রোন হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার একই অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় এক সেনা নিহত এবং ১২ জন আহত হন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উভয় হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে।

