মোঃ আরাফাত চৌধুরী চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের তালিকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম রয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, তা সঠিক নয় বলে জানিয়েছেন চসিক মেয়র।

সম্প্রতি বিভিন্ন মহলে দাবি করা হয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. শহিদুল ইসলাম (৩২) চসিকের ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৫ জনের তালিকায় রয়েছেন। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনারও সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়েছিল, গত ১৬ মে চসিকের সংস্থাপন শাখায় ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের জন্য ৬২ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয় এবং পরবর্তীতে ১৫ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওই তালিকার ১৩ নম্বরে শহিদুল ইসলামের নাম রয়েছে বলেও দাবি করা হয়।

তবে বিষয়টি নিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহিদুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কোনো নিয়োগ পাননি। তিনি আরও বলেন, আমি তদন্ত করে জানতে পারি যে শহিদুল ইসলাম নামক ওই ব্যক্তি চট্টগ্রাম ডাক বিভাগে সহকারী পোস্ট মাষ্টার পদে নিয়োগ পেয়েছেন। চসিকে তার নিয়োগ পাওয়ার তথ্যটি ভুল।

এদিকে শহিদুল ইসলামও তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমি চট্টগ্রামে বড় হয়েছি। রাজনীতি করলে চট্টগ্রামেই করতাম। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তার অনেকগুলোই উদ্দেশ্যপ্রণোদিত।”

চসিক মেয়রের বক্তব্যের পর স্পষ্ট হয়েছে যে, শহিদুল ইসলাম চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগপ্রাপ্ত নন; বরং তিনি চট্টগ্রাম ডাক বিভাগে নিয়োগ পেয়েছেন। ফলে চসিকে তার নিয়োগের বিষয়ে প্রচারিত তথ্য সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

Leave A Reply


Math Captcha
− 8 = 2