ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করার পর গতকাল গোয়ার প্লানেট হলিউড বিচ রিসোর্টে বিশ্রাম ও পুনরুদ্ধার কার্যক্রমে সময় কাটিয়েছেন বাংলাদেশ ও ভারতের ফুটবলাররা।

দুপুরের খাবারের পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা আইস বাথ ও হালকা রিকভারি সেশন সম্পন্ন করেন। ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকীসহ দলের অন্য সদস্যরা নিজেদের ফিটনেস ধরে রাখতে এই কার্যক্রমে অংশ নেন।

অন্যদিকে ভারতীয় দলের কয়েকজন ফুটবলারকে হোটেলের লবিতে পুল ও টেবিল টেনিস খেলতে দেখা যায়। পুরো দিনই দুই দলের খেলোয়াড়রা হোটেলে অবস্থান করেন।

এদিকে দলের সতীর্থ শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক ধীরে ধীরে কাটিয়ে উঠছেন বাংলাদেশের মেয়েরা। পাশাপাশি নেপালের বিপক্ষে জয়ের পর দলের আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন।

তিনি বলেন, “মেয়েরা এখন আরও উজ্জীবিত। সর্বশেষ ম্যাচের পর সবার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষে ভালো ফল পাওয়া সম্ভব।”

ভারতের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আবুল হোসেন। তাঁর মতে, ফাইনালে দুই দলেরই সমান সুযোগ রয়েছে।

তিনি বলেন, “ফাইনাল ম্যাচে যে কেউ জিততে পারে। এটা ফিফটি-ফিফটি ম্যাচ। দুই দলই ভালো দল। তাই আগেভাগে কোনো কিছু বলা সম্ভব নয়।”

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গোয়ার Pandit Jawaharlal Nehru Stadium-এ অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।

Leave A Reply


Math Captcha
+ 4 = 14