Friday, November 6

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) ভোররাত ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়া এলাকায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ১০ বছর বয়সী নাতনি ও এক যুবতী গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আলমারি খুলে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

অ্যাডভোকেট মিন্টুর স্ত্রী ছৈয়দা দিলসাত খানম জানান, ঘটনার সময় তার স্বামীসহ দুই সন্তান বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে লুটপাট চালায়।

ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাম্প্রতিক সময়ে আইনজীবীদের ওপর হামলার ঘটনার পর এই ডাকাতির ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তিনি আইনজীবী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

Leave A Reply


Math Captcha
60 + = 67