সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গভীর রাতে বুলডোজার দিয়ে র্যাব-পুলিশ ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক ও কালভার্ট কেটে দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব-৭।
সোমবার দিবাগত রাত ২টার দিকে আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, ‘ইয়াসিন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, অধিনায়ক, র্যাব-৭, সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা অতর্কিতভাবে ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান।
তিনি আরও বলেন, অতিরিক্ত ফোর্স যাতে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে রাস্তা ও কালভার্ট কেটে রাখা হয়েছিল। পরে সদস্যরা নির্দিষ্ট স্থান পর্যন্ত যানবাহনে গিয়ে সেখান থেকে হেঁটে অভিযান চালান।
র্যাব জানিয়েছে, অভিযানের সময় কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে গেলেও কয়েকজনকে আটক করা হয়েছে।
জঙ্গল সলিমপুর প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত। এলাকাটির বড় অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অপরাধী চক্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয় র্যাব-৭-এর একটি দল। ওই হামলায় নিহত হন র্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এছাড়া আরও তিন সদস্যকে জিম্মি করে মারধরের অভিযোগ ওঠে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, মার্চ মাসে পরিচালিত অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন এবং ‘রোকন বাহিনী’র প্রধান রোকন উদ্দিন এখনো পলাতক রয়েছেন।

