Friday, November 6

কক্সবাজারের উখিয়ায় ফেসবুকে এক বিএনপি সমর্থকের পোস্টে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সৈয়দা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন স্থানীয় বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জানান, একটি মাদরাসায় নিষিদ্ধ ছাত্রলীগের দেয়াল লিখন নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক আকাশ ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টে স্থানীয় এক যুবক ‘হা-হা’ রিয়েক্ট দিলে আকাশ কারণ জানতে চান। পরে ওই যুবক দাবি করেন, তার স্ত্রী ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে আহত হন ওই যুবকের দূরসম্পর্কের খালা সৈয়দা খাতুন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আব্দুর রহমান প্রকাশ ইমরান অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে তাকে ও তার বন্ধু ইউনুসকে মারধর করেন। মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা মিজান সিকদার ও তার ছেলে জিসান সিকদার দাবি করেছেন, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না এবং রাজনৈতিক প্রতিহিংসাবশত তাদের নাম জড়ানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি একটি মাদরাসার দেয়ালে ‘জয়বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টাপাল্টি পোস্ট ও মন্তব্য হচ্ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
62 − = 60