Friday, November 6

মিরসরাই সংবাদদাতা


চট্টগ্রামের মিরসরাইয়ে মোটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। নিহতরা হল মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)।


শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল থেকে দুইশ গজ উত্তরে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটে।

ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার কুড়িগ্রাম এলাকার আবদুল কাদেরের ছেলে। আহতদের একজন একই মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র আরমান ও মুসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার ৪ জন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় একটি মোটর সাইকেলকে ট্রাক চাপ দিলে মোটর সাইকেল সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয় ও দুইজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটর সাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছে। আরো দুইজন আহত হয়েছে। মোটর সাইকেল চালককে আটক করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
13 − 12 =