Thursday, November 26

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে শুরু হওয়া ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। সংঘর্ষের মধ্যে আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হয়েছেন।

ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার পাভেল হোসেনের চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান, সজীব (৩০) ও আবু খান (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ১১ নভেম্বরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় তারা। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের একপর্যায়ে আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে। তাকে উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 2 = 3