Tuesday, November 24

দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশি মিশনে গেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই।

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

হুমায়ূন কবির আরও বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =