গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফিরতে বাংলাদেশ বিমানের ফ্লাইট চাওয়ার বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে সরকারের কাছে এ ধরনের দাবি জানানো উন্মাদনা ছাড়া কিছু নয়।
এর আগে মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ভারত থেকে ঢাকায় ফিরতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ফেরারি এবং দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক অবস্থায় আছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন, এটি একটা হাস্যকর ঘটনা।’
তিনি আরও বলেন, ‘এই যে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি, যে মুখপাত্র এই দাবি করেছেন, তার এই বিবৃতিটা একটা উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। এমন দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

