Tuesday, November 24

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় উড়োজাহাজে দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এ প্রত্যাশা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে আনা সম্ভব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে “হায়ার” করে অনেক লেখাই লেখাতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। দেশে ফিরলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই আনা সম্ভব।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন তিনি।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
28 − = 26