Tuesday, November 24

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)।

আহতরা হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলি মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে শান্ত রায় মারা যান। রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা যান সাজিদ ও সুনান মাঝী।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখান থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে আরও তিনজনের গুরুতর আহত হওয়ার খবর পান তাঁরা।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।

Leave A Reply


Math Captcha
3 + 7 =