Monday, November 23

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হলেও পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উদ্বোধনের পরপরই টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে না। পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে।

এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে নির্মিত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল।

এর আগে গত আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে টার্মিনালটি ব্যবহার করেছিল। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা না হওয়ায় তখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সোজিৎস করপোরেশন এবং জাপানি সরকারি সংস্থা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি ছিল এই কনসোর্টিয়ামকে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে জাইকার অর্থায়নে নির্মিত প্রকল্পের অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুই বছরের জন্য নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তের কারণে কনসোর্টিয়ামের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে ‘সফট ওপেনিং’-এর মাধ্যমে টার্মিনালটির উদ্বোধন করা হয়। এটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। একই সঙ্গে কার্গো পরিচালনার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

টার্মিনালটি ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত। ভবিষ্যতে এটি দেশের বিমান পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। এর ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনালে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।

Leave A Reply


Math Captcha
71 − 67 =