Tuesday, November 24

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে রাজনৈতিক সংঘর্ষের জেরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গ্রাম ঘুরে অন্তত ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং আগুনে পোড়ার প্রমাণ পেয়েছে বিবিসি বাংলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরের আসবাবপত্র, ধান-চাল ও প্রয়োজনীয় সামগ্রী। লুট করা হয়েছে গবাদিপশু ও মূল্যবান জিনিসপত্র। ঘটনার পর আতঙ্কে অনেক পরিবারের পুরুষ সদস্য বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। নারী ও শিশুরা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নড়াইল থেকে কালিয়া উপজেলা সদরে যাওয়ার পথে কয়েক কিলোমিটার আগে ডান দিকে একটি সড়ক চলে গেছে। সেই সড়ক ধরে কিছুটা এগোলেই বেন্দারচর গ্রাম। গ্রামে প্রবেশের পরই চোখে পড়ে ভাঙা, পোড়া ও বিধ্বস্ত বাড়িঘর এবং দোকানপাট।

প্রথমে কয়েকটি বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। পরে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাশের একটি বাড়ি থেকে ছুটে আসেন গৃহবধূ আরোপি বেগম। তিনি সাংবাদিকদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত ঘর দেখান।

আরোপি বেগমের স্বামী পেশায় অটোরিকশাচালক। গত শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সময় তিনি বাড়িতে ছিলেন না। হামলা শুরু হলে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আরোপি বেগম। তিনি বলেন, ‘আমার ঘরের যা ছিল সব পোড়াইয়ে দিয়েছে। এক কাপড়ে বাসা দিয়ে বাইর হয়ে গেছি। যাওয়ার সময় ঘর দিয়ে টাকা পয়সা, স্বর্ণের চেন আর গোয়াল দিয়ে একটা গরুও নিয়ে গেছে। এখন নিজের ঘর ছাইড়ে আরেক বাসায় যাইয়ে উঠছি।’

তাঁর সঙ্গে কথা বলার সময় আশপাশের বাড়ি থেকে আরও কয়েকজন নারী ছুটে আসেন। তাঁদের অনুরোধ ছিল, সাংবাদিকেরা যেন পুড়ে যাওয়া বাড়িগুলো ঘুরে দেখেন। একে একে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিত্র দেখা যায়। স্থানীয় নারীদের অনেকে জানান, ঘটনার পর থেকে তাঁদের পরিবারের পুরুষ সদস্যদের অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছেন।

বিবিসি বাংলার সাংবাদিকেরা গ্রাম ঘুরে অন্তত ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙাচোরা কিংবা আগুনে পোড়া অবস্থায় দেখতে পান। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামের শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে গবাদিপশু ও ঘরের মালামাল লুটের অভিযোগও করেছেন তাঁরা।

গ্রামজুড়ে বাসিন্দাদের মধ্যে ভীতি ও আতঙ্ক দেখা গেছে। কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। তাঁদের দাবি, হামলাকারীদের অনেকের মুখে মুখোশ ছিল এবং তাঁদের হাতে রামদার মতো ধারালো অস্ত্র ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিবিসি বাংলাকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতা’ ১০ থেকে ১২টি ঘরবাড়ি ভাঙচুর করেছে। অন্যান্য মালামাল লুটের তথ্য তাঁর কাছে নেই। তবে এ ধরনের ছয়টি গরু তাঁদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার দাবি করা হয়েছে। তবে বিবিসি বাংলা জানিয়েছে, স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ, উপজেলা প্রশাসন ও পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। তাঁদের ভাষ্য অনুযায়ী, গ্রামটিতে কোনো হিন্দু পরিবারও বসবাস করে না।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই নেতা নিহত হওয়ার পর একই দিন পাশের একটি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল ইসলাম মুক্তির বাড়ি রয়েছে। এ ছাড়া ওই গ্রামে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সমর্থকের বসবাস। গত ১৮ নভেম্বর ওই গ্রামে বিএনপির একদল কর্মী মোটরসাইকেল নিয়ে মিছিল করার সময় আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে বিএনপির স্থানীয় দুই নেতার মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশের সদরদপ্তর থেকে শনিবার পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর (শুক্রবার) বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন উত্তেজিত অন্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।’

তবে ঠিক কারা বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রামের বাসিন্দারাও ভয়ে প্রকাশ্যে হামলাকারীদের পরিচয় জানাতে চাইছেন না। রোববার (২২ নভেম্বর) রাত পর্যন্ত বেন্দারচরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা বা আটকের তথ্য জানা যায়নি। তবে বিএনপি নেতাদের হত্যার ঘটনায় রোববার একটি হত্যা মামলা হয়েছে।

শুক্রবার রাতে দেওয়া আগুনে অনেক বাড়ির আসবাবপত্র, ধান-চাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। রোববার দুপুরে রহিমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা ধানে তখনো আগুন জ্বলছিল। বেশিরভাগ বাড়িতে ফ্যান, ফ্রিজ, আলমারি, খাট ও বিছানাপত্রসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের একজন জেসমিন বেগম নিজের ঘর দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর ঘরে ব্যবহারযোগ্য তেমন কোনো জিনিস অবশিষ্ট নেই। সন্তানদের নিয়ে এখন কোথায় থাকবেন, কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তার কথা জানান তিনি। জেসমিন বেগম বলেন, ‘আমার এক গাভী, একটা ষাড় আরেকটা বাছুর ছিল। সবগুলো নিয়া গেছে। বাসার স্বর্ণের চেন, কানের দুল ছিল তাও নিয়ে গেছে। সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে।’

বেন্দারচরের মূল সড়ক থেকে সাবেক সংসদ সদস্য কবিরুল ইসলাম মুক্তির বাড়িতে যাওয়ার সড়কের দুই পাশে বেশ কয়েকটি দোকান ছিল। রোববার গিয়ে সেসব দোকান ভাঙা ও বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। মুক্তির বাড়ির আশপাশে তাঁর স্বজন ও প্রতিবেশীদের অন্তত ১০টি ঘর রয়েছে। সেগুলোর প্রায় প্রতিটিই আগুনে পুড়ে গেছে।

সেসব বাড়ির একটিতে থাকতেন নাদিরা পারভীন সাথী। তিনি কবিরুল ইসলাম মুক্তির আত্মীয়। শুক্রবারের ঘটনার আগে বাড়ি ছেড়ে যাওয়ার পর আর ফেরেননি। রোববার বিবিসি বাংলার সংবাদদাতার উপস্থিতির কথা জানতে পেরে তিনি বাড়িতে ফিরে আগুনে ক্ষতিগ্রস্ত ঘর দেখেন। বাড়িগুলোর মেঝেতে পড়ে ছিল পোড়া আসবাবপত্র ও হাঁড়ি-পাতিল। এসব পরিবারের বেশিরভাগ সদস্য আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন।

রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা। এ সময় কালিয়া থানার ওসি বিবিসি বাংলাকে জানান, কারা বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে তাঁদের জানা নেই। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গ্রামের অধিকাংশ পাকা সড়কের দুই পাশে খাল রয়েছে। খাল ও রাস্তার পাশে থাকা বেশিরভাগ বাড়ি দেয়াল ও টিনের চালা দিয়ে তৈরি। কিছু বাড়ি কাঠেরও। কয়েকটি বাড়িতে রোববারও ধোঁয়া উড়তে দেখা যায়। অনেক বাড়ির খাট ও আসবাবপত্রের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না।

গ্রামের অনেক পরিবারের দাবি, তাঁরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন। তারপরও কেন তাঁদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ পাবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ১৫ থেকে ২০টি ঘর এবং ছয় থেকে সাতজনের নাম তাঁরা পেয়েছেন। তবে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

Leave A Reply


Math Captcha
57 − = 50