Monday, November 23

যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মকানুন মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, ভিজিটর ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হবে—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

দূতাবাস আরও জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার নির্ধারিত শর্ত এবং অবস্থানের অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Leave A Reply


Math Captcha
88 − 81 =