দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করেছে, সেই সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের ঐক্যবদ্ধভাবে পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ গুম-খুন, অগ্নি সন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে। এ সময়ে মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে বাংলাদেশের মানুষ আর ফিরে যেতে চায় না।
তারেক রহমান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি। এই এলাকায় গ্যাসলাইন আনেনি, ইপিজেডও স্থাপন করেনি। কেন এসব উন্নয়নকাজ করা হয়নি, সেই প্রশ্ন আজ সবার। কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না।
তিনি অভিযোগ করে বলেন, তারা দেশের মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তারা।
জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তারা কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার সুযোগ পাবে? তিনি বলেন, ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক একইভাবে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তারা আগুন সন্ত্রাস শুরু করেছে, মানুষকে পুড়িয়ে মারা ও আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। হত্যা করেছে ৬০ শিশুকেও। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকতে পারে না।
তিনি বলেন, লালমনিরহাটের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। আগামী দিনেও তারা গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় দেশের শিল্প-কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বাড়ানো, কৃষির উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষকেরা সেচের সুবিধা পাবেন। খালের পাশের বাসিন্দাদের পানির সংকটও কিছুটা কমবে।
খালটির বিভিন্ন অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হবে। বিএনপি সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। কৃষকের সেচ সুবিধা, পানির সংকট নিরসন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই এ উদ্যোগের উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আগামী মাস থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের নারীরা এ কার্ড পাবেন। এর মাধ্যমে প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সরকারি সহায়তা পাবে। কে কোন দলকে ভোট দিয়েছেন, তা বিবেচনায় নেওয়া হবে না।
কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, কৃষকেরা যাতে বছরে দুটি ফসল উৎপাদন করতে পারেন, সে জন্য অন্তত একটি ফসলের প্রয়োজনীয় সহযোগিতা সরকার দেবে।
এ ছাড়া মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বকে এ সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এ সহায়তার পরিমাণ বাড়ানো হবে।
শিক্ষা খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রতি বছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে। ছেলে ও মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকারি উপবৃত্তি দেওয়া হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।
লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে শিল্পায়নের জন্য গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়া হবে। এতে এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে পাঁচ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে। বিদেশে কাজ করতে যাওয়া কর্মীরা যাতে কম খরচে যেতে পারেন, সে ব্যবস্থাও সরকার করার চেষ্টা করছে।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দিনব্যাপী সফরে লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিজ্ঞানীরা নিজস্ব স্যাটেলাইট তৈরির কাজ করছেন। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে।
প্রযুক্তিগত বিপ্লবের যুগে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা এবং গবেষণায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধাসহ কার্যকর মেধাভিত্তিক পরিবেশ তৈরি করা প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। এসব ক্ষেত্রে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা।
তিনি আরও বলেন, উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এভিয়েশন এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনশিল্পের বিকাশের কারণে এ খাতের সম্ভাবনা বাড়ছে।
তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে নতুন কিছু উদ্ভাবন এবং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। এজন্য আত্মবিশ্বাস, সাহস ও নতুন কিছু করার দৃঢ় প্রত্যয় প্রয়োজন। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
সফরের শেষ পর্যায়ে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গে সাজানো হয় পুরো জেলা। সড়কের বিভিন্ন মোড়ে কৃষকের হালচাষ, ঢেঁকিতে ধান ভানা ও পালকির প্রতিকৃতি স্থাপন করা হয়। শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন শত শত মানুষ। দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

