প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন করছে না বিএনপি। কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভার মতো কোনো কর্মসূচি রাখা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা হবে না। এ উপলক্ষে দলের কোনো কর্মসূচি নেই। গত কয়েক বছর ধরেই জন্মদিনে আনুষ্ঠানিক আয়োজন থেকে বিরত রয়েছে বিএনপি।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরে তিনি সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিশ্বখ্যাত দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের দর্শন ও রাজনৈতিক তত্ত্ব নিয়েও আগ্রহী ছিলেন তিনি।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ সালের নির্বাচনেও দেশব্যাপী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তিনি।
২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। এ সময় দল পুনর্গঠন এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ জোরদারে ভূমিকা রাখেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
তবে ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ২০০৮ সালের ৯ জানুয়ারি আদালতে রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিতের আবেদন করেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য একই বছরের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান। এরপর দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থান করেন তারেক রহমান।
প্রবাসে থাকলেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। লন্ডনে অবস্থান করেই সাংগঠনিক নির্দেশনা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দল পরিচালনা করেন তিনি।
২০২৩ সালের ১২ জুলাই সরকারবিরোধী এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এর এক দিন পর ১৩ জুলাই সব দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেন তারেক রহমান। আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের বিকল্প পরিকল্পনা তুলে ধরার মধ্য দিয়ে দলের রাজনৈতিক কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হয়।
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এর আগে একই বছরের ১৩ জুন যুক্তরাজ্য সফররত সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়। বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। বিএনপির পক্ষ থেকে ওই বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে আসে নতুন অধ্যায়। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, দলীয় নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাবের পথ পেরিয়ে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তারেক রহমান। আজ তার ৬২তম জন্মদিন। তবে দিনটি উপলক্ষে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি বা উৎসব আয়োজন করছে না বিএনপি।

