প্রথম পর্ব–
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে ঘুষ, মামলা বাণিজ্য, বিচার-সালিশের নামে অর্থ আদায়, আসামি ছেড়ে দেওয়া এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ও রাজনৈতিক নেতার বক্তব্য এবং একাধিক সূত্রের বরাতে এসব অভিযোগ সামনে এসেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে ওসি আরিফুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার।
অভিযোগ রয়েছে, চকরিয়া থানায় পদায়ন পেতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়। আর সেই অর্থ ও কথিত বিনিয়োগের টাকা তুলে নিতে থানার কিছু কর্মকর্তা বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অতীতেও এ থানার একাধিক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বর্তমান ওসি আরিফুর রহমানের বিরুদ্ধেও মামলা বাণিজ্য, ক্যাশিয়ার প্রথা, বিচার-সালিশের নামে অর্থ আদায়, গ্রেপ্তার বাণিজ্য, গভীর রাতে আটক আসামি ছেড়ে দেওয়া এবং কথিত সাংবাদিকদের মাসিক অর্থ দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।
অভিযোগকারীদের দাবি, আরিফুর রহমান আগে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলেও দাবি করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও মন্ত্রীর সঙ্গে তাঁর সখ্যের কথাও উল্লেখ করেছেন অভিযোগকারীরা। তাঁদের ভাষ্য, ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের ওপর একাধিকবার গু’লি চালানোর ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান বলেও একাধিক সূত্রের দাবি।
পরে কৌশলে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আন্দোলনের প্রায় এক মাস পর লোহাগাড়া থানায় বদলি হন তিনি। এরপর নানা বিতর্কের মুখে ২০২৫ সালের ১ ডিসেম্বর তাঁকে কুমিল্লার নাঙ্গলকোট থানায় বদলি করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তদবিরের মাধ্যমে চকরিয়া থানায় যোগ দেন বলে অভিযোগকারীদের দাবি।
সম্প্রতি চকরিয়ার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও গোপন বৈঠকের বিষয়ে ওসি আগে থেকেই অবগত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, এসব ঘটনা প্রতিরোধ না করে মামলা বাণিজ্যের সুযোগ তৈরি করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শতাধিক অজ্ঞাতপরিচয় আসামি অন্তর্ভুক্ত করে হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
এ ছাড়া গভীর রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করার পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওসি ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থানার ফটকে বিচার-সালিশের নামে অর্থ লেনদেন চলে। কয়েকজন মধ্যস্থতাকারী এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। বাদী-বিবাদী উভয় পক্ষের কাছ থেকে অর্থ নিয়ে তা ভাগবাটোয়ারা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন বিএনপি ও ছাত্রদল নেতা এবং কথিত সাংবাদিকের মাধ্যমে গভীর রাতে ঘুষ লেনদেন ও তদবির বাণিজ্য পরিচালনার অভিযোগও করেছেন কয়েকটি সূত্র। এ কাজে মিজান, সাইফুল, ওমর, শহিদুল, জাওয়াদ, সাকিব, তৌহিদ, আজিজ, তুহিন, শরীফুল ইসলাম শরীফ, বাদশাহ ও টিপুসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
থানায় ক্যাশিয়ার প্রথা চালুর অভিযোগও রয়েছে ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, থানার মুন্সির মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় এবং মাস শেষে কয়েকজন বিএনপি নেতা ও কথিত সাংবাদিককে অর্থ দেওয়া হয়। এভাবেই থানার ভেতরে একটি অনিয়মের চক্র গড়ে উঠেছে বলে তাঁদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক প্রবীণ নেতা বলেন, চকরিয়া থানার ওসি থেকে শুরু করে কয়েকজন এসআই পর্যন্ত ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। কেউ প্রতিবাদ করলে উল্টো মামলার ভয় দেখানো হয়। রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন ন্যায়বিচার ও আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী বলেন, ওসির আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার বিষয়ে তাঁদের জানা নেই। তবে এমন সংশ্লিষ্টতা থাকলে তা প্রতিহত করতে তাঁরা জোরালো ভূমিকা রাখবেন।
উপজেলার সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী বলেন, ওসি এখন আওয়ামী লীগের লোকজনকে ধরছেন, এটা ভালো কথা। তবে আগে তাঁর রাজনৈতিক অবস্থান কী ছিল, তা তাঁদের জানা ছিল না। তিনি পরিবর্তিত হয়ে থাকলে সেটি ইতিবাচক। কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে ওসি আরিফুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। বরং যোগাযোগের পর ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিবেদক।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তিনি অন্য রেঞ্জ থেকে কক্সবাজারে এসেছেন। তাই ওসি আরিফুর রহমানের বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। অভিযোগগুলোর তথ্য হোয়াটসঅ্যাপে পাঠালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি ডিআইজি রেঞ্জকেও অবহিত করার পরামর্শ দেন তিনি।

