গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ওই শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা সড়কে নেমেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

