মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে যাত্রা শুরুর আগে তল্লাশি চালানো হয়। পরে দুটি প্যাকেট থেকে প্রায় ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশনমাস্টার মো. জয়নাল আবেদীন জানান, ট্রেন ছাড়ার প্রস্তুতিকালে পাওয়ার কারের অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে সন্দেহজনক বস্তু থাকার খবর দেন। বিষয়টি জানার পর তিনি, ট্রেনের গার্ড ও রেলওয়ে পুলিশের সদস্যরা পাওয়ার কারে গিয়ে তল্লাশি শুরু করেন।
তল্লাশির একপর্যায়ে পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে রাখা একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেট দুটি খুলে প্রায় ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, সন্দেহজনক বস্তু পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনের সিগন্যাল বাতিল করা হয়। তল্লাশি ও ইয়াবা উদ্ধারের কার্যক্রম শেষে প্রায় পাঁচ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস।
জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা, কখন ও কীভাবে ইয়াবাগুলো পাওয়ার কারে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

