Tuesday, November 10

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছিল একটি অসাধু চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনে পাওয়া প্রমাণের ভিত্তিতে জোরারগঞ্জ থানা-পুলিশ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়ে অভিযান চালায়।

ওসি আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে এক ব্যক্তিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
35 − = 29