সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তারা সবাই কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
যেভাবে শনাক্ত ও গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন তরুণকে দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাদের নিজেদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিতে শোনা যায়।
অভিযোগ রয়েছে, নিজেদের তৈরি এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করতেন তারা। ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের শনাক্ত করতে একাধিক দল গঠন করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর পুলিশ একাধিক দল নিয়ে কাজ শুরু করে। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেরাই একটি সংগঠন তৈরি করে এর নাম দিয়েছেন ‘এসবিএস’। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

